ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনালের (এনসিটি) বার্থ অপারেটর নিয়োগে আগের দরপত্র বাতিল করে নতুন করে আহ্বানের সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ নিয়ে চট্টগ্রামে সরকারি দলের নেতাদের দ্বন্দ্ব এবং আইনি জটিলতার মধ্যে বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ জানানো হয়।
সংসদীয় কমিটির বৈঠকের দিনই চট্টগ্রামে পাল্টাপাল্টি সমাবেশে এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকরা লাঞ্ছিত করে আওয়ামী লীগেরই সংসদ সদস্য এম এ লতিফকে।
কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে দরপত্র সম্পর্কিত সৃষ্ট জটিলতা নিরসনে সম্ভাব্য সমাধানের কয়েকটি প্রস্তাব আসে।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইতোপূর্বেকার টেন্ডার বাতিল করে স¦চ্ছ প্রক্রিয়ায় আগামী তিন মাসের মধ্যে নতুন টেন্ডার আহ্বানের সুপারিশ করেছে কমিটি।”
অনিয়মের অভিযোগ ওঠায় এনসিটির দরপত্র বাতিলের আদেশ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) গঠন করা রিভিউ প্যানেল দিলেও হাই কোর্ট তা স্থগিত করেছে।
আলোচিত ওই দরপত্র প্রক্রিয়ায় অংশ নেয়া প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের আবেদনে হাই কোর্টের এই স্থগিতাদেশ এসেছে।
সাইফ পাওয়ারকে দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য এই দরপত্রে দফায় দফায় সংশোধন আনা হয়েছিল দাবি করে আন্দোলন চালিয়ে আসছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
অন্যদিকে মহিউদ্দিন বন্দর অস্থিতিশীল করার ‘পাঁয়তারা’ করছেন দাবি করে ওই আন্দোলনের বিরোধিতা করে আসছেন এম এ লতিফসহ চট্টগ্রামে আওয়ামী লীগের অধিকাংশ সংসদ সদস্য।
এনসিটির দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রকল্পের ২১ ধরনের নথি ইতোমধ্যে তলব করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২১৪০ ঘ.
bdnews24