ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের ওপর পুলিশি হামলার মামলায় আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
ফলে ফারুকের ওপর পুলিশি হামলার মামলা খারিজ হয়ে গেল।
বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক পুনর্বিবেচনার আবেদন খারিজের এ আদেশ দেন।
শুনানিতে বাদী পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিঞা মহানগর হাকিমের দেওয়া আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।
এ আদেশের প্রতিক্রিয়ায় আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করা হবে।’’
গত ১৬ সেপ্টেম্বর জয়নাল আবদীন ফারুকের ওপর পুলিশি হামলার মামলায় বাদীর পক্ষে নি¤œ আদালতের আদেশ পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করা হয়।
এ মামলায় পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে গত ১২ অগাস্ট।
গত ৩ সেপ্টেম্বর বাদী লক্ষীপুরের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান ঢাকার মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে না-রাজী আবেদনের জন্য সময় প্রার্থনা করেন।
বিচারক ওই আবেদন খারিজ করে দেন। এর ফলে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কমিশনার (গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ) মো. ওবায়দুল হক আদালতে গত ১২ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
গত বছরের ৬ জুলাই বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন জয়নাল আবেদিন ফারুক।
পরে এ ঘটনায় গত বছরের ১০ জুলাই লক্ষ্মীপুরের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বাদি হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের প্রেক্ষিতে সে সময় বিচারক গত বছরের ১০ অগাস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, জয়নাল আবদীন ফারুকসহ বিরোধী দলের সাংসদদের আক্রমণের শিকার হয়ে এডিসি হারুন অর রশিদ, সিনিয়র এসি বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১১১ ঘ.
bdnews24