বরিশাল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের একটি বাসায় অবৈধভাবে মজুদ রাখা ১৮২টি মরফিন ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় দুই ভাইসহ তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন, অজয় সাহা (৩২) ও তার ভাই সঞ্জয় সাহা (৩৫) এবং শহিদুল ইসলাম (৩৪)।
বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ভাইসহ শহিদুল দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে মরফিন বিক্রি করে আসছিলেন।
বিভিন্ন উৎস্য থেকে সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকালে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভা-ারের পিছনে অজয়দের বাসায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৮২টি ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করা যায়।
উদ্ধারকৃত মরফিন ইনজেকশনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই তিন জনকে আটক করা হয়েছে বলে জানান শাহনেওয়াজ।
এ ঘটনায় পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৪৮ ঘ.
bdnews24