২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাক্ষণবাড়িয়ায় চিকিৎসকদের কর্মবিরতি

সাংবাদিক পেটানোর মামলায় গ্রেপ্তার এক চিকিৎসকের মুক্তির দাবিতে ব্রাক্ষণবাড়িয়ায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক পেটানোর মামলায় গ্রেপ্তার এক চিকিৎসকের মুক্তির দাবিতে ব্রাক্ষণবাড়িয়ায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বানে বৃহস্পতিবার থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। বিএমএর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদকে মুক্তি না দেয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। প্রথমআলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিসহ তিন সাংবাদিককে মারধরের মামলায় মঙ্গলবার ডাক্তার ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে কারাগারে পাঠায় আদালত। ফরিদ উদ্দিনের বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়া সদর থানায় দায়ের করা ওই মামলায় বলা হয়, একটি সড়ক দুর্ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার শহরের ডাকবাংলা মোড়ে মডেল জেনারেল হাসপাতালে ফরিদ উদ্দিন ও তার সহযোগীরা প্রথম আলোর প্রতিনিধি শাহদাৎ হোসেনসহ স্থানীয় তিন সাংবাদিককে মারধর করেন। ফরিদ উদ্দিন শহরের মডেল জেনারেল হাসপাতালের মালিক। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে বিএমএর নেতা আবু সাঈদ জানান। তিনি বলেন, “ফরিদ উদ্দিন একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও চিকিৎসকদের স্বার্থে তার মুক্তির জন্য এ কর্মবিরতি পালন করা হচ্ছে।” চিকিৎসকদের কর্মবিরতির জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, রোগীরা যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য বিশেষ ব্যবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এএইচ/১৭৪৮ ঘ.