পঞ্চগড়, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক মুকুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক ফ্যাক্স বার্তায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আদেশটি পাঠায়।
তেঁতুলিয়া ইউএনও মো. মনিরুজ্জামান জানান, উপজেলা পরিষদ আইন অনুযায়ী সরকার তাকে বরখাস্তের আদেশ জারি করে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এনামুল হাবীব স্বাক্ষরিত ওই ফ্যাক্স বার্তায় বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত কয়েকটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে।
এজন্য চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন উপজেলা পরিষদের প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচিন নয়। এজন্য সরকার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে মামলা সংখ্যা জানাতে পারেননি তেঁতুলিয়া থানার ওসি মনোজ কুমার রায়।
উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু বলেন, “বরখাস্তের আদেশ ফ্যাক্স বার্তায় আসার কথা শুনেছি। এখনও হাতে পাইনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪৭ ঘ.
bdnews24