কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাজিবপুর উপজেলা শহরেও পানি উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার থেকে বন্যা দুর্গতদের মাঝে ১০ মে.টন চাল ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
ত্রাণ মন্ত্রণালয় থেকে নতুন করে পাঁচ লাখ টাকা এবং তিনশ’ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে বলেও জানান তিনি।
দুপুরে জেলা প্রশাসনের দুর্যোগ প্রশমন সংক্রান্ত এক সভায় জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ার হোসেন জেলার বন্যা পরিস্থিতি তুরে ধরেন।
তিনি বলেন, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র, তিস্তা নদীর অববাহিকায় ৪৮টি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রক্ষপুত্র নদে ১৬ সেন্টিমিটার (সেমি) পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৪ সেমি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
ধরলায় ৬ সেমি পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ও দুধকুমোর নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা দুর্গতদের দুর্ভোগ ক্রমগত বেড়েইে চলেছে। দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
“প্রস্তুত রাখা হয়েছে শ্যালো চালিত নৌকা।”
এদিকে, কুড়িগ্রামে সদর উপজেলায় নদীভাঙন কবলিত, দুঃস্থ ও বন্যার্তদের মাঝে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কুড়িগ্রাম বালিকা বিদ্যালয় মাঠে সাড়ে ৩শ’ পরিবারকে ত্রাণ দেয় তারা।
পরিবার প্রতি দুই হাজার টাকা, একটি শাড়ি, একটি লুঙ্গি এবং একটি ত্রিপল বিতরণ করা হয়।
এর আগে রাজিবপুরে ১৫০টি ও রৌমারী উপজেলায় ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৭ ঘ.
bdnews24