২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালাল হত্যা মামলা: স্ত্রী ও সৎছেলে রিমান্ডে

নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী ও তার আগের পক্ষের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী ও তার আগের পক্ষের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জালালের প্রথম ঘরের ছেলে কুতুবউদ্দিন তালুকদার রুয়েল ওই দুই জনকে আসামি করে মামলাটি করেন। পরে আয়েশা বেগম ও তার প্রথম স্বামীর সন্তান মাসুদক (৩৮) গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ওই মামলা হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আয়েশা ও মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আয়েশা গত মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার সকালে শহরের সুসং ডিগ্রি কলেজের পাশে নিজ বাড়ি থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দুর্গাপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেও জানান ওসি। আওয়ামী লীগের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা জালাল গত মঙ্গলবার নিজের পিস্তলের গুলিতে নিজের বাড়িতে মারা যান, যাকে ‘রহস্যজনক’ বলছে তার দল। তার ছেলে কুতুব প্রথম থেকেই এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে আসছেন। ১৯৬৭ সালে ছাত্রলীগের মাধ্যমে জালাল তালুকদারের রাজনৈতিক জীবনের শুরু। ১৯৭৯ সালে প্রথম আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রাতেই তিনি দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় দুটি পা হারান। পরে জার্মানিতে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। জালাল তালুকদার ১৯৮৬ ও ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বুধবার তার জানাজায় অংশ নিতে সুসং ডিগ্রি কলেজ মাঠ উপচে আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হয়। তার ‘হত্যাকারীদের’ ফাঁসির দাবিতে বিকেলে শহরে বিক্ষোভ মিছিলও বের হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/সিএস/এএল/২২০৪ ঘ.