২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু চুক্তি না হলে বিপদ’

“পাঁচ বছর আগে বালিতে আমরা যে সূচনা করেছিলাম, ডারবানে সে প্রক্রিয়া পুনরায় শুরু করি। এটি সম্ভবত সর্বশেষ সুযোগ,” বলেছেন প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:46 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপন্নতা থেকে পৃথিবীকে রক্ষায় একটি আইনগত বাধ্যবাধকতামূলক জলবায়ু চুক্তির ব্যাপারে ডারবান জলবায়ু সম্মেলনের পর এটিই সম্ভবত সর্বশেষ সুযোগ। “পাঁচ বছর আগে বালিতে আমরা যে সূচনা করেছিলাম, ডারবানে সে প্রক্রিয়া পুনরায় শুরু করি। এটি সম্ভবত সর্বশেষ সুযোগ। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা বিপদগ্রস্ত হব।” ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান সভাপতি শেখ হাসিনা বুধবার নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে ক্লাইমেট ভালনারেবিলিটি মনিটরের (সিভিএম) দ্বিতীয় সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, সব দেশের অংশগ্রহণে সমতা ও অভিন্নতার ভিত্তিতে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তিতে অবিলম্বে উপনীত হতে হবে। ১৭ বছর আলাপ-আলোচনার পরও একটি আইনগত বাধ্যবাধকতামূলক কার্বন হ্রাস চুক্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “বিজ্ঞানভিত্তিক প্রমাণ থাকা এবং বার বার আহ্বান সত্ত্বেও আমরা দেখছি এই বিপন্নতার জন্য দায়ী দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।” শেখ হাসিনার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন টাইম ম্যাগাজিনের ইন্টারন্যাশনাল সিনিয়র এডিটর ব্রায়ান ওয়ালশ। অনুষ্ঠানে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া ফিগার্স, জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্ডল্যান্ড, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ ওয়াহিদ, কিরিবাতির প্রেসিডেন্ট এনোতে তং, কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী এনরিক কাস্টিলো এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, “কয়েক দশক ধরে আমরা বায়ুমণ্ডলে লাগামহীন কার্বন গ্যাস নির্গমনের ভয়াবহ পরিণতি সম্পর্কে প্রচুর রিপোর্ট পেয়ে আসছি। উন্নয়নশীল দেশগুলোর অপর্যাপ্ত ক্ষমতার কারণে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। “তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে ১০ শতাংশ উৎপাদনশীল কৃষিজমি হারিয়ে যাবে। এতে আমরা ৪০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য থেকে বঞ্চিত হব, যার মূল্য ২শ’ কোটি মার্কিন ডলার। এটা আমাদের জিডিপির প্রায় দুই শতাংশ।” “সব ক্ষেত্রে আমাদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৩ থেকে ৪ শতাংশ। এতে আমাদের চাল উৎপাদন ১৪ শতাংশ, গম উৎপাদন ৪৫ শতাংশ এবং ভুট্টা উৎপাদন ১৫ শতাংশ হ্রাস পাবে,” ক্ষতির সম্ভাব্য চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিপদের বর্ণনা দিয়ে তিনি বলেন, সমুদ্রের পানির উচ্চতা এক মিটার বেড়ে গেলে বাংলাদেশের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। দেশের এক-পঞ্চমাংশ পানিতে তলিয়ে যাবে, ৩ কোটি লোক বাস্তচ্যুত হবে। সীমিত সম্পদের মধ্যেও জলবায়ুক্ষতি কাটাতে ৩০ কোটি ডলারের তহবিল তৈরির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যারা এ সঙ্কটের জন্য দায়ী তাদের কাছ থেকে আমরা এ ধরনের অঙ্গীকার ও দায়িত্বশীল আচরণ আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/০০৪১ ঘ.