ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ সাংবাদিক আতাউস সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে এক শোকবার্তায় তিনি বিবিসি খ্যাত এই সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তার মৃত্যুতে দেশের যে বিরাট ক্ষতি হয়ে গেছে সেই শূন্যতা সহজে পূরণ হবে না।
“দেশ ও জাতির এই ক্রান্তিকালে তার বেঁচে থাকার বড় বেশি দরকার ছিলো।’’
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আতাউস সামাদের বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরে খালেদা জিয়া বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন আমাদের সহযোদ্ধা। সততা, বস্তুনিষ্ঠতা ও সৎ সাহসের জন্য আমি এই প্রয়াত এই সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান আতাউস সামাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনির সমস্যায় ভুগছিলেন।
বিবৃতিতে খালেদা জিয়া আরো বলেন, সাংবাদিক আতাউস সামাদ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে একজন কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন। একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তিনি। এজন্য স্বৈরাচারের আমলে তাকে কারানির্যাতন ভোগ করতে হয়।
“এরপরও তিনি কখনো বিচলিত, নীতি-আদর্শ ও নিজের বিশ্বাস থেকে বিচ্যুত হননি।’’
এতে আরো বলা হয়, জাতীয় স্বার্থ সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকার আদায়ে আতাউস সামাদ জীবনের শেষ দিন পর্যন্ত সোচ্চার ছিলেন। দেশের যে ক’জন সম্মানীত ব্যক্তিত্বকে জাতির বিবেক বলা হয়, তিনি ছিলেন তাদের অন্যতম।
হাসপাতালে ছুটে যান খালেদা
সাংবাদিক আতাউস সামাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে- এ খবর শুনেই বুধবার রাতে গুলশানের বাসা থেকে অ্যাপোলো হাসপাতালে ছুটে যান খালেদা জিয়া। তিনি চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
খালেদা জিয়া চিকিৎসকদের কাছে থেকে আতাউস সামাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।
তিনি হাসপাতালে আতাউস সামাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময়ও কাটান।
এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২৭ ঘ.
bdnews24