২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ২২ বাজারে ১৫৫ কেজি ইলিশ জব্দ

ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকায় ২২টি বাজারে অভিযান চালিয়ে ১৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকায় ২২টি বাজারে অভিযান চালিয়ে ১৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং নির্বাহী হাকিমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এবং নয়টি বিশেষ দল এসব অভিযান পরিচালনা করে। ১১ দিন ‘মা ইলিশ ও জাটকা রক্ষা’ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ ও র‌্যাবের সহায়তা নিয়ে এসব অভিযান চালানো হয়। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল চন্দ্র রায় সাংবাদিকদের জানান, শান্তিনগর বাজারে ৪৪ কেজিসহ সাভার ও ধামরাই এলাকার ২২টি বাজার থেকে ১৫৫ কেজি ইলিশ মাছ আটক করা হয়। আটক ইলিশ বিভিন্ন এতিমখানা, শিশুসদন ও মাদ্রাসায় বিতরণ করা হয়। মৎস্য কর্মকর্তা জানান, অভিযানের প্রথম দিনে মঙ্গলবার ঢাকা মহানগরীসহ সারাদেশে ১৫০টি ভ্রাম্যমাণ আদালত এবং ৩৮৮টি ঝটিকা অভিযান চালানো হয়। এতে প্রায় ৮ মেট্রিক টন ইলিশ এবং ৬ লাখ ২২ হাজার ৫২০ মিটার জাল আটক করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের জন্য ভ্রাম্যমাণ আদালত মোট ৭৪টি মামলা করেন বলে নির্মল জানান। এতে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ ও জাটকা রক্ষা’ কার্যক্রমের আওতায় ২৫ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১২৫ ঘ.