২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি অবস্থানে ১৪ দল ও চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন, মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ‘কটুক্তি’ এবং মোরশেদ মুরাদ ইব্রাহীমের বিরুদ্ধে মামলার বিষয়ে মুখোমুখি অবস্থানে চট্টগ্রাম চেম্বার ও ১৪ দল নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন, মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে ‘কটুক্তি’ এবং মোরশেদ মুরাদ ইব্রাহীমের বিরুদ্ধে মামলার বিষয়ে মুখোমুখি অবস্থানে চট্টগ্রাম চেম্বার ও ১৪ দল নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে একইস্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি দিয়েছে তারা। এ পরিস্থিতিতে ‘অনাকাঙ্খিত’ ঘটনার আশংকা করছে পুলিশ। তা এড়াতে নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম চেম্বার ভবন ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে বলে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামের ১৪ দলীয় নেতৃবৃন্দ আগেই বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। ১৪ দলীয় জোটের প্রধান দল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগর সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে চেম্বার সভাপতির কটুক্তির প্রতিবাদে আমরা প্রতিবাদ সমাবেশ ডেকেছি।” এর পাল্টা হিসেবে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় গণমাধ্যম কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বন্দর নিয়ে ১৪ দলীয় জোট, ছাত্রলীগ-যুবলীগের নাম ভাঙ্গিয়ে মহিউদ্দিন চৌধুরী বন্দর এলাকায় আন্দোলনের নামে ‘ত্রাসের রাজত্ব’ কায়েমের প্রতিবাদে একইস্থানে একইসময়ে ব্যবসায়ীদের সমাবেশের ঘোষণা দেয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম কোনো মন্তব্য না করে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। চট্টগ্রাম চেম্বারের অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুণ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী কিছুদিন ধরে ছাত্রলীগ ও যুবলীগের নাম ভাঙ্গিয়ে বন্দর ভবন, কাস্টম হাউসসহ এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। এতে আরো বলা হয়, যৌক্তিক দাবি না থাকা সত্ত্বেও এ ধরনের অনাকাংখিত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি মহিউদ্দিন চৌধুরী কর্তৃক চট্টগ্রাম চেম্বার ভবন ঘেরাও-এর কর্মসূচি ঘোষণায় চেম্বারের সব সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মহিউদ্দিন চৌধুরীর এসব কর্মকা-ের প্রতিবাদে চেম্বারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হবে বলে এতে জানানো হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র প্রক্রিয়ায় কথিত দুর্নীতি নিয়ে মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে এর বিরোধিতা এবং বিভিন্ন নেতিবাচক বক্তব্যও দিতে থাকেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত বন্দর এলাকার সাংসদ এম এ লতিফ। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি লতিফের সাথে এতে যুক্ত থাকেন বর্তমান সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম, যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথেও যুক্ত। পরবর্তীতে এনসিটি’র দরপত্র প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয়া হলে সরাসরি মোরশেদ মুরাদ ইব্রাহীম সংবাদপত্র কার্যালয়ে কয়েকদফা বিবৃতি দিয়ে মহিউদ্দিন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করে তার সম্পদের উৎস ও আয় নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া বন্দর নিয়ে আন্দোলনের নামে বাড়াবাড়ি করা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আন্দোলনের নামে চাপ দিয়ে অর্থ আদায়ের অভিযোগও করেন ওইসব বিবৃতিতে। এদিকে, চট্টগ্রামের ১৪ দল ও চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ীদের পাল্টা-পাল্টি সমাবেশ ঘোষণা করায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বুধবার সন্ধ্যায় বলেন, “ব্যস্ততম এলাকায় কোনো কিছু ঘটুক তা আমরা চাই না। যেকোনো ধরনের পরিস্থিতিতে আমরা প্রস্তুত থাকব।” পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, সকাল থেকেই ওইখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নগর পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি বলেও জানান উপ-কমিশনার বনজ কুমার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৫৯ ঘ.