ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কর্মকর্তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন- বিশ্ব ব্যাংকের এমন অভিযোগের পরও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটি নতুন কোনো শর্ত দেয়নি।
পদ্মা সেতু নিয়ে বুধবার বিশ্ব ব্যাংকের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে সচিব বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই, যা আমাদের দুর্নীতি দমন কমিশন করবে।”
ওই বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলেছে, পদ্মা সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন করছেন।
“বিশ্ব ব্যাংক সার্বিকভাবে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি, বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে আমরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে, এ প্রকল্পে বিশ্ব ব্যাংককে নতুন করে চাইলে সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হবে যাতে বিশ্ব ব্যাংক ও অপর ঋণ দাতারা প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়।”
এসব বিষয়ে ‘সন্তোষজনক পদক্ষেপ’ নেয়া হলেই পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থ দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে পাঁচ কোটি ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সচিব বলেন, পদ্মা সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে।
“এখন যদি আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন এবং আমি অপ্রাসঙ্গিক কিছু বলি- তা শোভন হবে না।”
বিশ্ব ব্যাংক যেসব শর্ত দিয়েছিল সেগুলো পূরণে বাংলাদেশ সম্মতি দেয়ার পরই বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়নে সম্মত হয়েছে বলেও জানান তিনি।
বিশ্ব ব্যাংকের বিবৃতিতে বলা হয়, “এসব বিষয়ের (শর্ত) সন্তোষজনক বাস্তবায়ন এবং আন্তর্জাতিকভাবে পরিচিত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত প্যানেলের কাছ থেকে ইতিবাচক প্রতিবেদন পেলেই বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়নে এগোতে পারে।”
ওই প্যানেল ‘নেতিবাচক’ প্রতিবেদন দিলে কী হবে জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, “আমাদের ‘যদি’ বা ‘কিন্তু’র ওপর নির্ভর করা উচিত হবে না। এটা সরকার, কোনো বহুজাতিক প্রতিষ্ঠান নয়।”
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে তারা চুক্তি স্থগিত করে। এরপর কয়েকটি শর্ত দেয়া হলেও তাতে ‘সরকারের সাড়া না পেয়ে’ গত ২৯ জুন চুক্তি বাতিল করা হয়।
এ নিয়ে অনেক টানাপড়েনের পর গত ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক বলে, সরকার শর্ত পূরণে রাজি হওয়ায় তারা আবার পদ্মা প্রকল্পে ফিরছে।
এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ২৩ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, পদ্মা প্রকল্পে ফিরে আসার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক নতুন কোনো শর্ত দেয়নি।
তিনি বলেন, “বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার প্রতিনিধিবৃন্দ ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে এবং সরকারের সঙ্গে আলোচনা করে দুর্নীতির অভিযোগের তদন্ত ও প্রকল্প বাস্তবায়নের বাস্তব কৌশল নির্ধারণ করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১৮৪০ ঘ.
bdnews24