নোয়াখালী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে সাতদিন পর নোয়াখালী থেকে উদ্ধার করেছে ব্যাব।
বুবুনগর এলাকায় বুধবার সকাল ৭টার দিকে সুধারাম থানা পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় র্যাব এ অভিযান চালায়।
অপহৃত আসিফ মাহমুদ আকাশ (১৪) ঢাকার ক্যামব্রিয়ান স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং ঢাকা জজ আদালত এলাকার কোর্ট হাউজ স্ট্রিটের বাসিন্দা অ্যাডভোকট ভূঞা আলমগীর হোসেনের ছেলে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সুধারাম থানার ওসি মীর জাহিদুল আলম রনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর স্কুলের সামনে থেকে অজ্ঞাত অপহরণকারীরা আকাশকে তুলে নিয়ে যায়। এরপর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
র্যাব সদরদপ্তর বিষয়টি জানার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
সে অনুযায়ী র্যাব ১১ এর একটি দল বেগমগঞ্জ উপজেলার বাবুনগর থেকে তিনজনকে আটক করে।
আটকরা হলেন বাবুনগরের মোজাম্মেল হোসেন রাকিব (১৯), তার মা শিরিন আক্তার (৪০) ও সদরের মধুসূধনপুরের ইসমাইল হোসেন ফয়সল (১৮)।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব ১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ছাত্র ও আটকদের ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24