২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

কালিয়াকৈর উপজেলায় একটি হত্যা মামলায় পাঁচ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিয়াকৈর উপজেলায় একটি হত্যা মামলায় পাঁচ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত। বুধবার অতিরিক্ত দায়রা জজ মো. জাকির হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালত পরিদর্শক মো. আমির হোসেন। দণ্ডিতরা হলেন কুমিল্লার বড়বাড়ি গ্রামের আরিফ হোসেন (৪০), টাঙ্গাইলের সাহাপাড়া গ্রামের শ্যামল সূত্রধর (২৫), বরাব গ্রামের জহিরুল ইসলাম (২৬), আনোয়ার হোসেন (৩০) এবং মীর হামজানী পশ্চিমপাড়া গ্রামের নিখিল চন্দ্র সূত্রধর (৩৫)। দণ্ডিতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। এছাড়া লাশ গুম ও আলামত নষ্টের দায়ে প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কাআভোগ করতে হবে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. মাহবুবুল আলম মামলার বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিয়াকৈর উপজেলার পশ্চিম ভান্নারা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ সরকার ২০১০ সালের ৪ জানুয়ারি রাতে নিখোঁজ হন। পরদিন বরাব গ্রামের একটি জলাশয়ে তার লাশ পাওয়া যায়। নিহতের বাবা অনিল সরকার পরদিন (৫ জানুয়ারি) কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মাহফুজুর রহমান মোট ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বরাব গ্রামের আমির হোসেনে ছেলে মাসুদকে বেকসুর খালাস দিয়েছে আদালত, যোগ করেন আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭০০ ঘ.