২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাচারে ‘অভাবনীয়’ কৌশল

চট্টগ্রামে দুই হাজার দুইশ’ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- চট্টগ্রামে দুই হাজার দুইশ’ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরা হলেন, শাহ আলম (২৪), নূরুল আমিন (২৮), মো. ইলিয়াছ (৩৫), অজিজুল হক (৫৪) ও আব্দুল মালেক (৩৫)। এরা সবাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান। তিনি জানান, শাহ আলম, নূরুল আমিন ও ইলিয়াছের কাছ থেকে পাঁচশ’ পিস এবং অজিজুল হক ও আব্দুল মালেকের কাছ থেকে সাড়ে তিনশ’ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তাররা ইয়াবা পাচারের জন্য একটি ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছিল। তারা ইয়াবা ট্যাবলেট পলিথিনে মুড়ে তা রেক্টামের (পায়ূপথ) ভিতরে ঢুকিয়ে নিচ্ছিল।” তিনি বলেন, গ্রেপ্তারের পর দেহ তল্লাশি করে কোনো ইয়াবা না পাওয়ায় তাদের অধিদপ্তরের কার্যালয়ে আনা হয়। “সেখানে তাদের খাবার খাওয়ানোর পর বাথরুম করিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।” গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৪২৭ ঘ.