খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলা থেকে মঙ্গলবার ‘খাবার অযোগ্য পদার্থ দেওয়া’ ৫০০ কেজি বাগদা চিংড়ি উদ্ধার করা হয়েছে।
ওই চিংড়ির দুই মালিকের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরে ওই চিংড়ি রূপসা নদীতে ফেলে দেয়া হয় বলে র্যাব ও মৎস্য কর্মকর্তারা জানান।
মৎস্য অধিদপ্তর ও র্যাব-৬ এর বিশেষ টিম যৌথভাবে এ অভিযান চালায়।
মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু সাঈদ বলেন, গোপন সংবাদ পেয়ে জামিরা বাজারের পাশে আফজালের বাড়ি থেকে খাবার অযোগ্য একধরনের জেলি পুশ করা ৩৫০ কেজি এবং রফিকুলের দোকান থেকে ১৫০ কেজি বাগদা চিংড়ি উদ্ধার করা হয়।
পরে আফজাল ও রফিকুলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
র্যাব-৬ খুলনার কর্মকর্তা এএসপি রেজাউল করিম বলেন, গোপন সয়বাদ পেয়ে এ অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৭ ঘ.
bdnews24