ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই ও দলের উপদেষ্টা প্রয়াত সাঈদ এস্কান্দারের নামাজে জানাজার পূর্বঘোষিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এস্কান্দারের মরদেহ বুধবার সকালে ঢাকা এসে পৌঁছবে।
মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, হেলিকপ্টারের ব্যবস্থা না হওয়ার সাঈদ এস্কান্দারের মরদেহ ফেনীর ছাগলনাইয়া গ্রামে জানাজার জন্য নেওয়া যাচ্ছে না।
মৃত্যুর পূর্ব পর্যন্ত এস্কান্দার ফেনী বিএনপির সভাপতি ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সাংসদ এস্কান্দারের প্রথম নামাজে জানাজা বেলা ২ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দ্বিতীয় নামাজে জানাজা বিকাল তিনটায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তৃতীয় নামাজে জানাজা বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
পরে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে এস্কান্দারের মরদেহ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে বলে জানান রিজভী।
বিমান বন্দর থেকে কফিন মরহুমের বারিধারার বাসায় নিয়ে যাওয়া হবে।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের ব্রকডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ এস্কান্দার মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৮ ঘ.
bdnews24