২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা পরিকল্পিত’

রাঙামাটিতে পাহাড়িদের ওপর সাম্প্রতিক হামলা ‘পূর্বপরিকল্পিত’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ছিল বলে ঢাকায় এক নাগরিক সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা বিশ্ববিদ্যায়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে পাহাড়িদের ওপর সাম্প্রতিক হামলা ‘পূর্বপরিকল্পিত’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ছিল বলে ঢাকায় এক নাগরিক সমাবেশ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত ওই সমাবেশে গণ ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য্য বলেন, “রাঙামাটির এই হামলায় প্রশাসনসহ নিরাপত্তা বাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে তাতে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে এটি নিশ্চিত যে, এ ঘটনাটি পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।” এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা অভিযোগ করেন, একটি ‘স্বার্থান্বেষী সাম্প্রদায়িক’ গোষ্ঠী দীর্ঘদিন ধরে রাঙামাটি তথা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে আসছিল। এই ঘটনা সেই পরিকল্পনা ও ষড়যন্ত্রেরই অংশ মাত্র। এ ধরনের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়- এগুলো ‘রাষ্ট্রীয় মদদের বহিঃপ্রকাশ’ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, দিন দিন এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। সরকারকে অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মেসবাহ কামাল বলেন, “আপনারা আদিবাসীদের ধৈর্য্যরে পরীক্ষা আর নিবেন না। তারা অনেক আগেই এ পরীক্ষায় পাশ করেছে।” শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে তা কলেজ গেইট, বনরূপা ও কালিন্দিপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৮ জনকে মিলিটারি হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। বাঙালি-পাহাড়িদের ওই সংঘাতে ‘ইন্ধন’ রয়েছে বলে ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও অভিযোগ তুলেছেন। সোমবার সংসদ ভবনে ‘আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এক মতবিনিময় সভায় মেনন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির সহিংস ঘটনা ঘটেনি। একে ছাত্রদের ঝগড়া বলে চালিয়ে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনানো হয়েছে।” ওই ঘটনায় পাহাড়িদের অধিকার আন্দোলনের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বাসভবনে হামলা চালানো হয় অভিযোগ করে মেনন বলেন, “এর সঙ্গে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে।” শান্তিচুক্তির আওতায় পার্বত্যাঞ্চলের বিরোধ নিষ্পত্তির সময় এই সংঘাত ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও মনে করেন তিনি। সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের চিকিৎসাসহ ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতেরও দাবি জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/১৮৩৫ ঘ.