২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী খুন: সন্দেহ আছে, নাম নেই মামলায়

রাজধানীর হাজারীবাগে আইনজীবী দম্পতির ১৩ বছরের মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের নাম পুলিশকে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে আইনজীবী দম্পতির ১৩ বছরের মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের নাম পুলিশকে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। কাদের সন্দেহ করা হচ্ছে- সে বিষয়ে পরিবারের সদস্যরা মুখ খোলেননি; মামলায়ও আসামি করা হয়নি কাউকে। পুলিশ বলছে, তারা তদন্ত শুরু করেছে এবং সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যায় হাজারীবাগের ভাগলপুরে বাসায় একলা থাকা অবস্থায় খুন হয় তাসনিম রহমান করবী, যে পিলখানার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে করবীর বাবা মিজানুর রহমান থানায় একটি মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। করবীর মামা মো. সোহেল মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কয়েকজনকে সন্দেহ করছেন এবং নামগুলো পুলিশকে দেয়া হয়েছে। তারা কারা- জানতে চাইলে সোহেল বলেন, “তা এখন প্রকাশ করা যাবে না। যদি তারা পালিয়ে যায়।” ওসি বলেন, তারা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। হত্যার কারণ খুঁজে পাওয়া গেছে কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, “বাসা থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার খোয়া যায়। ঘটনাস্থলে বাসারই রক্তমাখা বটি ও একটি রক্তমাখা জিআই তার পাওয়া যায়। “উপকরণ দেখে মনে হয়, খুনিরা আগেও এ বাসায় এসেছিল বা এ বাসা সম্পর্কে তাদের ধারণা ছিল। সবদিক লক্ষ্য রেখে পুলিশ সামনের দিকে এগুচ্ছে।” করবীর বাবা মিজানুর রহমান ও মা আফরোজা বেগম দুজনই ঢাকা বারের আইনজীবী। ছয়তলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তারা। ওই ভবনের চতুর্থ তলায় ছিল করবীর নানার বাসা। সোমবার বিকালে স্কুল থেকে ফিরে বাসায় করবী একাই ছিল। তার ছোট ভাই অলি ছিল নানীর বাসায়। করবীদের ফ্ল্যাটের বিপরীত বাসার বাসিন্দা পান্না বেগম সাংবাদিকদের বলেন, সোমবার বিকালে তিনি তার ফ্ল্যাটেই ছিলেন। কিন্তু কোনো চিৎকার শুনতে পাননি। তবে করবী লাশ দেখে তার মামী সেতু বেগমের চিৎকার করে উঠলে তা শুনতে পান বলে জানিয়েছেন পান্না বেগম। ওই বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা ততটা জোরদার ছিল না বলে জানান এই বাসিন্দা। তিনি বলেন, “ভবনের প্রধান ফটকে একটি তালা দেয়া থাকলেও পকেট গেট দিয়ে যে কেউ ঢুকতে পারে। দারোয়ান না থাকায় ফেরিওয়ালারাও বাসায় যখন-তখন ঢুকে পড়ে।” করবীকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার মামা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৭০২ ঘ.