ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
সরকারি দলের বেশ কয়েকজন নেতার সমালোচনার মুখে থাকা এই বিচারকের বিরুদ্ধে মঙ্গলবার এই পদক্ষেপ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই উপদেষ্টা।
তবে সাজাপ্রাপ্ত মাহমুদুর রহমানের এই পদক্ষেপে ‘দুরভিসন্ধি’ রয়েছে বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
প্রকাশিত সংবাদ নিয়ে এর আগে মাহমুদুর রহমানকে একটি লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন বিচারপতি সামসুদ্দিন চৌধুরী। ওই ঘটনার কয়েকমাস পর মাহমুদুরের পাল্টা পদক্ষেপ এল।
মাহমুদুরের অভিযোগ, সুপ্রিম কোর্টের আচরণবিধি লঙ্ঘন ছাড়াও ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭, মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট-২০০৯ এবং ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স-১৯৮৪ এর অধীনে বিচারপতি শামসুদ্দিন অপরাধ করেছেন।
অভিযোগনামা সকালে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্য দুই জ্যেষ্ঠ বিচারপতিকে পৌঁছে দিতে সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলামের কাছে জমা দেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক।
দুপুরে তার পক্ষে আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান এই অভিযোগ রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে দেন।
আদালত অবমাননায় সাজাপ্রাপ্ত অলিউল্লাহ নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পরবর্তী পদক্ষেপ চেয়ে একই অভিযোগ রাষ্ট্রপতির কাছে করা হয়েছে।”
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফখরুদ্দিন আহমদ অভিযোগপত্র গ্রহণ করেছেন বলে জানান তিনি।
এর আগে সকালে মাহমুদুর সাংবাদিকদের বলেছিলেন, “বিভিন্ন অভিযোগ তুলে ধরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন দিয়েছি। দুপুরের মধ্যে রাষ্ট্রপতির কাছেও তা দেয়া হবে।”
অভিযোগগুলো তুলে ধরে তা তদন্তে সংবিধানের ৯৬ (৩) অনুচ্ছেদ অনুসারে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান মাহমুদুর রহমান। ৯৬(৫)(বি) অনুসারে একটি প্রতিবেদন দাখিল এবং প্রয়োজন হলে সংবিধানের ৯৬ (৬) অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তিনি।
বিচারকের বিরুদ্ধে মুদ্রাপাচার আইন লঙ্ঘনের অভিযোগ তুলে মাহমুদুরের আবেদনে বলা হয়, “শামসুদ্দিন চৌধুরী ২০১০-১১ সালের আয়কর হিসাবে দেখিয়েছেন, লন্ডনে তার তিনটি বাড়ি রয়েছে। এই বাড়িগুলো কিনেছেন ৪০ লাখ টাকার বিনিময়ে।
“বাংলাদেশ থেকে এই টাকা পরিশোধের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি, যা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭ এর লঙ্ঘন, যা ওই আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।”
অভিযোগে বলা হয়, এ ধরনের অর্থ পরিশোধের মাধ্যমে তিনি মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ অনুসারেও অপরাধ করেছেন। এছাড়া ২০০৯-১০ সালের ট্যাক্স রিটার্নে ভুল তথ্য দিয়ে তিনি ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স-১৯৮৪ এর ১৬৫ ধারা লঙ্ঘন করেছেন।
“এছাড়া বাড়ির নামে চাওয়া লোনে নিজেকে অন্য পেশার লোক হিসাবে উল্লেখ করে তিনি কোড অব কন্ডাক্ট লংঘন করেছেন,” বলা হয় অভিযোগে।
এতে আরো বলা হয়, “২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বাকশালের প্রশংসা করেছেন। এটা বিচারপতিদের কোড অব কন্ডাক্টের পরিপন্থি।”
এছাড়া বিচারক সামসুদ্দিনের বিরুদ্ধে লন্ডনে একটি টক শোতে বক্তব্য দেয়া, সুপ্রিম কোর্টের সামনে এক পুলিশ কনস্টেবলকে দায়িত্বরত অবস্থায় শাস্তি দেয়া, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আসাফউদ্দৌলা এবং আসিফ নজরুলকে নিয়ে আদালতে ‘অপমানসূচক’ মন্তব্যের অভিযোগ করেছেন মাহমুদুর।
এর আগেও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিল বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই ধরনের দাবি সংসদে তোলেন সরকারি দলের সদস্যরা।
সংসদে স্পিকার আবদুল হামিদের দেয়া এক বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল বলে বক্তব্য দিয়ে গত জুন মাসে সংসদ সদস্যদের সমালোচনার মুখে পড়েন বিচারপতি শামসুদ্দিন।
এছাড়া এক আইনজীবীও এজলাসে দুর্ব্যবহার ও অনিয়মের অভিযোগে এই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।
স্বাধীনতার ঘোষকসহ হাই কোর্টের বেশ কয়েকটি আলোচিত রায়ের বিচারক শামসুদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন বিএনপি নেতারা।
ওই দলেরই ঘনিষ্ঠ মাহমুদুর রহমানের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, “যিনি অভিযোগ উত্থাপন করেছেন সুপ্রিম কোর্টের রায়ে তার সাজা হয়েছে। তিনি দুরভিসন্ধিমূলক অভিযোগ উত্থাপন করেছেন, এটা কাম্য নয়।”
উচ্চ আদালতের বিচারকের বিরুদ্ধে ‘২৯টি’ অভিযোগ তোলার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন ছিল বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিক।
“এ ধরনের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের প্রয়োজন আছে বলেও আমি মনে করি না,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/এমআই/১৯২৭ ঘ.
bdnews24