কক্সবাজার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে প্রবেশের সময় ২১ রোহিঙ্গাকে সীমান্ত এলাকা থেকে আটকের পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার তাদেরকে উখিয়ার বালুখালী ও টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে আটক করা হয়েছিল, পরে সন্ধ্যায় তাদের খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিয়ে স্বদেশে পাঠানো হয়েছে বলে জানায় বিজিবি।
বিজিবি’র কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, বিজিবি টহল দলের সদস্যরা বালুখালী সীমান্ত থেকে মিয়ানমারের ৪ নাগরিককে আটক করে। পরে সন্ধ্যা ৬টায় চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, শাহপরীর দ্বীপ থেকে মিয়ানমারের ১৭ নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩২১ ঘ.
bdnews24