বরিশাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এক সহকারী প্রকৌশলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার প্রকৌশলী শফিকুর রহমান খান বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে হাকিম মো. জাহিদুল কবির তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকৌশলী শফিকুর চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) হিসাবে কর্মরত। তিনি বরিশাল নগরীর ফকির বাড়ী রোডের বাসিন্দা।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী ২০১১ সালের ১১ অগাস্ট কোতোয়ালি মডেল থানায় শফিকুরের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর থেকেই তিনি জামিনে ছিলেন। সোমবার তার জামিনের মেয়াদ শেষ হয়।
প্রকৌশলী শফিকুর দুদকে জমা দেওয়া বিবরণীতে তার সম্পদের পরিমাণ ৩৩ লাখ ৬৪ হাজার ১৩৮ টাকা উল্লেখ করেন। কিন্তু দুদক তদন্ত করে ৬৩ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকার সমপরিমাণ সম্পদের হদিস পায়। এরপর মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩১৮ ঘ.
bdnews24