২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সংঘাত পরিকল্পিত: মেনন

রাঙামাটির সংঘাতে সেনাবাহিনীর কোনো অংশ জড়িত বলেও দাবি করেছেন মহাজোটের এই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙমাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাতে ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার সংসদ ভবনে ‘আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ তোলেন। সভায় তথ্য কমিশনার সাদেকা হালিম রাঙামাটির সাম্প্রতিক সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। রাঙামাটি কলেজে শনিবার পাহাড়ি-বাঙালি ছাত্রদের সংঘাতের ফলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে ১৪৪ ধারা জারি করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার তা প্রত্যাহার করা হয়েছে। অনানুষ্ঠানিক এই ককাসের আহ্বায়ক মেনন বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির সহিংস ঘটনা ঘটেনি। একে ছাত্রদের ঝগড়া বলে চালিয়ে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনানো হয়েছে। “আদিবাসী নেতা সন্তু লারমার বাসভবনে হামলা চালানো হয়েছে। এর সঙ্গে নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে।” শান্তিচুক্তির আওতায় পার্বত্যাঞ্চলের বিরোধ নিষ্পত্তির সময় এই সংঘাত উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ করছেন এই সংসদ সদস্য। মেনন বলেন, “পার্বত্য চট্টগ্রামের ভূমির সমস্যা যখন সমাধানের পথে, তখন এ ধরনের ঘটনা বিশেষ ইঙ্গিত বহন করে।” সাম্প্রদায়িক এই বিভাজন সারাদেশে যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সংসদ সদস্যদেরও ভূমিকা রাখার পরামর্শ দেনস তিনি। তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, “রাঙামাটিতে সন্ত্রাসীরা কালো কাপড়ে মুখ বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে সন্ত্রাস করেছে। এটাকে তুচ্ছ ঘটনা বলা যাবে না।” “সংঘাত এড়ানোর জন্য আাদিবাসীদের নিজেদের ভিতরের দ্বন্দ্বও নিরসন করতে হবে,” বলেন তিনি। সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “রাঙামাটির ঘটনা সরকারের রাজনৈতিক ব্যর্থতা। এ সমস্যা দেশে নতুন করে আরো সমস্যা তৈরি করবে।” ‘আদিবাসী ইস্যুতে সংসদ সদস্যদের অধিকতর সম্পৃক্তকরণ’ শীর্ষক সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান সংসদীয় ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য সচিব সঞ্জীব দ্রং। তিনি বলেন, “সংবিধানের কথা বলে আদিবাসীদের এগিয়ে নেয়া সম্ভব নয়। আদিবাসীদের আলাদা জগৎ, বৈচিত্র্য ও প্রথাগত অধিকারে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকতে হবে। “আদিবাসীদের মনে এমন ধরণার জš§ দেয়া যাবে না, যাতে তারা মনে করে যে তারা অন্যের দ্বারা শাসিত হচ্ছে।” সভার প্রধান বক্তা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সংবিধান ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে। আইনের দৃষ্টিতে তারা সমান অধকারের দাবিদার। “আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিদ্যমান যেসব আইনে সমস্যা আছে, সেগুলোতে প্রয়োজনে সংশোধনী আনতে হবে। এ ব্যাপারে সাংসদ সদস্যরা ভূমিকা রাখতে পারেন,” বলেন তিনি। সংসদীয় ককাসের সমন্বয়ক অধ্যাপক মেসবাহ কামাল বলেন, “রাষ্ট্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিকে বিবেচনা করে। মানবাধিকারের বিষয়টি বিবেচনায় নিচ্ছে না। যে কারণে সমস্যার সমাধান হচ্ছে না।” আলোচনা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংসদ সদস্য নওয়াব আবু আব্বাছ খানও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৫১ ঘ.