২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পানিবন্দি ৫০টি গ্রাম

গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘটসহ কয়েকটি নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় ৫০টি গ্রামের প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘটসহ কয়েকটি নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় ৫০টি গ্রামের প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর বলছে, পানি বাড়ার ফলে সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় আড়াই হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া ইতোমধ্যে নদী ভাঙনে সুন্দরগঞ্জের হরিপুর বিএসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদামের চরের এনজিও পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয় ও লালচামারের ভোরের পাখি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকশ বসত বাড়ি এবং চার শতাধিক হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোস্তফা আশাফুদ্দৌলা সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তায় ২৪ সেন্টিমিটার, করতোয়ায় ২০ সেন্টিমিটার এবং ঘাঘট নদীতে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ফুলছড়ির রতনপুর এবং সুন্দরগঞ্জের চরভাটি বুড়াইল পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে রয়েছে। বাঁধটি রক্ষার জন্য পাউবো কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছে বলে জানান পাউবো কর্মকর্তা। সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদী ভাঙনে তার ইউনিয়নে প্রায় তিন শতাধিক বসতবাড়ি ও সাড়ে তিনশ’ একর আবাদী জমি বিলীন হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে তিনশ’ পরিবার। তিনি আরও জানান, ভাঙন কবলিত এলাকার লোকজন তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। গাইবান্ধা সদরের মোল্লারচর ইউপি চেয়ারম্যান মো. সাঈদুজ্জামান দাবি করেন, ব্রহ্মপুত্র নদে ব্যাপক পানি বৃদ্ধির ফলে তার ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মীর মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আড়াই হেক্টর জমির আমন ধান এবং ২৫ হেক্টর সবজি ক্ষেত এখন পানির নীচে। এছাড়া কলা এবং আখ ক্ষেতও পানিতে ডুবে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৫ ঘ.