সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ইরি-বোরো মৌসুমে দেশে সার সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া।
সোমবার সিলেটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ছয়টি সার কারখানা থেকে প্রতিদিন পাঁচ হাজার ১০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। দেশে পর্যাপ্ত সার মজুদ আছে। তাই সারের জন্য কৃষককে কোনো দুর্ভোগ পোহাতে হবে না।
দীলিপ বড়–য়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় নির্মাণাধীন শাহাজালাল সার কারখানার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে বিকালে সিলেট সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
চীন সরকারের সহায়তায় ৫৬০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ‘অত্যাধুনিক প্রযুক্তির’ এ সার কারখানায় প্রতিদিন এক হাজার ৭৫০ মেট্রিক টন সার উৎপাদন করা হবে বলে জানান মন্ত্রী।
“দেশে আরো পাঁচটি স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করা হবে। এরমধ্যে চট্টগ্রামে দু’টি, সিলেট, সিরাজগঞ্জ ও মংলায় একটি করে ইকোনমিক জোন হবে। শিগগির এর কাজ শুরু হবে,” বলেন তিনি।
সরকার জনগণের কল্যাণে কাজ করছে। তাই সরকারের প্রতি জনগণের অস্থাও বেড়েছে। দেশের গণতান্ত্রিক ধারা ও অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে বলেও জানান শিল্পমন্ত্রী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান খান, মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিম, শাহজালাল সার কারখানার প্রকল্প কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24