সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চলনবিল বাউল একাডেমিতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাউলরা।
সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।
মানববন্ধনে শত শত বাউল ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বাউল একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন কনক বলেন, জায়গা দখল চেষ্টার অংশ হিসাবে সন্ত্রাসীরা বাউল একাডেমিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।
তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় মামলার ছয় মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারী তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুস সামাদ ও তার সহযোগীদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ।
“এ অবস্থায় বাউল সাধকরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি একাডেমির কার্যক্রমও বন্ধ রয়েছে,” বলেন আলফাজ।
তিনি জানান, গত ১১ এপ্রিল গভীর রাতে বাউলরা ঘুমিয়ে থাকা অবস্থায় একাডেমিতে অগ্নিসংযোগ করা হয়। ১২ এপ্রিল এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়।
প্রশাসন থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় ২৬ এপ্রিল খন্দকার সামাদসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন বাউল একাডেমির সভাপতি আলফাজ।
মামলার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ২৯ এপ্রিল আবারো বাউলদের গানের আস্তানায় ঢুকে তাদের মারপিট করে এবং তবলা, হারমোনিয়াম, একতারাসহ অন্যান্য বাদ্যযত্র ভেঙে ফেলে বলে অভিযোগ করেন তিনি।
আলফাজ বলেন, এর একদিন পর ৩০ এপ্রিল আসামিরা বাউল একাডেমিতে একটি মাদ্রাসার সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এছাড়া একাডেমির সামনে থাকা বাউল সালামের চায়ের দোকানটিও ভেঙে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৩৮ ঘ.
bdnews24