২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে উত্তেজনা প্রশমনে আয়োজন শান্তি শোভাযাত্রা

কোনো ধরনের গুজবে কান না দিতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন পাহাড়ি ও বাঙালি নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 10:53 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘাতের কারণে উত্তেজনার প্রেক্ষাপটে দুই পক্ষকে নিয়ে শান্তি শোভাযাত্রার আয়োজন করছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার সকালে পাহাড়ি ও বাঙালি রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে জেলা প্রশাসনের এক সভায় মঙ্গলবার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভা থেকে কোনো ধরনের গুজবে কান না দিতেও সবার প্রতি আহ্বান জানান দুই পক্ষের নেতারা। আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বিএনপির জেলা সাধারণ সম্পাদক শাহ আলম, জনসংহতি পরিষদের সহ-সভাপতি ঊষাতন তালুকদার, পার্বত্য গণপরিষদ সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সোমবার তৃতীয় দিনও রাঙামাটি শহরে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। রোববার রাতে শহরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “রোববার রাতে ট্রাইবাল আদাম ও রাজমনি পাড়ায় পাহাড়ি-বাঙালির মধ্যে উত্তেজনা দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” এ সময় সাতজনকে আটক করা হয়। তবে, সোমবার সকালে তাদের ছেড়ে দেয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে জেলায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করলেও প্রতিদিন দুই ঘণ্টা প্রতীকী কর্মবিরতি অব্যাহত রাখবে বলে জানিয়েছে। জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. øেহ কান্তি চাকমা সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আহতের চিকিৎসা এবং দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। মঙ্গলবার তারা কাজে যোগ দেবেন। তিনি বলেন, তবে দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাঙামাটির সব সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত তারা প্রতীকী কর্মবিরতি চালিয়ে যাবেন। শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে তা কলেজ গেইট, বনরূপা ও কালিন্দিপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৮ জনকে মিলিটারি হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশোভন দেওয়ান আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৫ ঘ