লাবলু আনসার
, নিউইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করে সবার কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তার সরকার বদ্ধপরিকর।
যুক্তরাষ্ট্রের ডেমক্র্যাটিক পার্টির সিনেটর পিটার গলব্রেইথ রোববার নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববারই নিউ ইয়র্ক পৌঁছান শেখ হাসিনা। স্থানীয় সময় বিকালে দলীয় কয়েকজন নেতা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে তিনি বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এরপর সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক কূটনীতিক পিটার গলব্রেইথ।
প্রধানমন্ত্রী তাকে বলেন, সীমিত সম্পদ নিয়েও সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেমে পরিণত করার কর্মযজ্ঞ শুরু করেছে। গত সাড়ে তিন বছরে সরকার স্থানীয় ও জাতীয় পর্যায়ে ৫ হাজার ১৮২টি নির্বাচন সম্পন্ন করেছে, যেগুলো সব মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে।
“বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে আমরা আন্তরিকভাবে সচেষ্ট রয়েছি। সামনের দিনগুলোতেও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর”, বলেন প্রধানমন্ত্রী।
পিটার গলব্রেইথ প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্যে তার বাবা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন কেনেথ গলব্রেইথকে মরণোত্তর সম্মাননা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিটার বলেন, “বাংলাদেশের সার্বিক কল্যাণে আমার সহায়তা অব্যাহত থাকবে।”
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
আট দিনের সফরে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ আয়োজিত একটি আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৪০ ঘ.
bdnews24