চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮০ তম আত্মাহুতি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার চট্টগ্রামে পালিত হয়েছে ।
এ উপলক্ষে সকালে পটিয়া উপজেলার ধলঘাটে এই স্বাধীনতা সংগ্রামীর নিজগ্রামে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ঘনিষ্ট সহযোদ্ধা ছিলেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র কর্মকা-ে আত্মোৎসর্গ করেন। তার আত্মদান বাংলা ও ভারতের বিপ্লবীদের বিপুল অনুপ্রেরণা যুগিয়েছিল।
প্রীতিলতা ট্রাস্ট, পটিয়া পৌর সংসদ, ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া শিশু- কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে পুষ্পস্তবক অর্পণ করে।
এদিকে নগরীর পাহাড়তলীতে প্রীতিলতার স্মৃতিস্তম্ভেও পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। এছাড়া চট্টগ্রামের অন্তত ২০টি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রীতিলতার ব্যাচ ধারণ করে এবং সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সন্ধ্যায় নগরীর স্টুডিও থিয়েটারে বীরকন্যা প্রীতিলতা আত্মাহুতি দিবস পালন কমিটি প্রীতিলতা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে প্রীতিলতাসহ ব্রিটিশ বিরোধী সংগ্রামীদের জীবনী অন্তর্ভুক্ত করা উচিত। যাতে নতুন প্রজন্ম দেশমাতৃকার জন্য নিবেদিতপ্রাণ এইসব বিপ্লবীর জীবন ও আদর্শের কথা ভুলে না যায়।
এছাড়া পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবসহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানগুলো সংরক্ষণেরও দাবি জানান তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর, আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আনোয়ারা আলম প্রমুখ।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে নানা আয়োজনের মাধ্যমে প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন করেছে।
মাস্টারদা সূর্যসেনের নির্দেশে প্রীতিলতা ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলীর 'ইউরোপিয়ান ক্লাব' ধ্বংস করতে গঠিত দলের নেতৃত্ব দিয়েছিলেন।
আট বিপ্লবী ওই অভিযানে অংশ নিয়ে ৫৩ জন ইংরেজকে হতাহত করেন। ওই অভিযান পরিচালনা করতে গিয়ে আহত প্রীতিলতা ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে 'পটাশিয়াম সায়ানাইড' গ্রহণ করে আত্মাহুতি দেন।
প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন।
তিনি চট্টগ্রামের ডা. খাস্তগীর স্কুল, ঢাকার ইডেন কলেজ ও কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন। প্রীতিলতা চট্টগ্রামের অর্পনাচরণ (নন্দনকানন স্কুল) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২২৪৯ ঘ.
bdnews24