চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর রক্ষা আন্দোলনের নামে ব্যবসায়ীদের মানসিকভাবে চাপে রেখে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম।
শনিবার বিকালে এক বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরীর আয়ের উৎস এবং সম্পদ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা নিয়ে রাজনীতি না করতে মহিউদ্দিন চৌধুরীর প্রতি অনুরোধ জানানো হয়।
চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম বিবৃতির বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, “আমাদের কাছে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মহিউদ্দিন চৌধুরী মানসিকভাবে চাপ দিয়ে আর্থিক সুবিধা নেয়ার বিষয়টি বলেছেন।”
বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী’র নেতৃত্বে বন্দর নাগরিক অধিকার পরিষদ গঠন করা হয়েছে। অথচ মাত্র দিন বিশেক আগে বন্দর রক্ষা পরিষদ নামে তিনি আরো একটি কমিটি করেছিলেন। আন্দোলনের নামে ব্যবসায়ীদের মানসিক চাপে রেখে আর্থিক সুবিধা আদায়কে মহিউদ্দিন চৌধুরীর অপকৌশল হিসাবেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বেসরকারি অপারেটর নিয়োগের টেন্ডার প্রক্রিয়ায় শর্ত লঙ্ঘন করে সাইফ পাওয়ার টেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ এনে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন।
এর বিরোধিতা করেন সরকারদলীয় সাংসদ ও চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ ও তার অনুসারীরা বন্দর ব্যবহারকারী কয়েকটি প্রতিষ্ঠান। একপর্যায়ে চট্টগ্রামের সরকার পক্ষের বেশ কয়েকজন সাংসদও মহিউদ্দিনের বিরোধিতা করেন।
জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম এম এ লতিফের সঙ্গে ছিলেন। তার স্ত্রীও জাতীয় পার্টি থেকে নির্বাচিত মহিলা সাংসদ।
এরই মধ্যে সিপিটিউ’র অধীন একটি পর্যালোচনা কমিটি দরপত্রে শর্তের লঙ্ঘন হয়েছে উল্লেখ করে স¤প্রতি দরপত্র প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০০৪ ঘ.
bdnews24