কুষ্টিয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত চোখে কান্না নিয়ে দায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, “আমরা সাংবাদিকদের বাইরে নই। সাগর-রুনি আমার অত্যন্ত স্নেহধন্য ছিল। যারা তাদের হত্যা করেছে তাদের বিচারে আমি বদ্ধপরিকর।”
“যতদিন পর্যন্ত তাদের হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে বিচার নিশ্চিত করতে না পারব ততদিন চোখে কান্না নিয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করব,” বলেন ইনু।
এ বছরের ১০ ফেব্র“য়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন। এ হত্যার ঘটনার এখনো কোনো কিনারা হয়নি।
দুপুরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জাসদের এক কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের বাতিল করা অবাস্তব অযৌক্তিক পুরনো কাঠামোটা আর পুনর্বহাল করার এখতিয়ার শেখ হাসিনা বা মহাজোটের কোনো সংসদ সদস্যের নেই।
পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলা পরিষদ চত্বরে মহাজোটের এক সংক্ষিপ্ত পথসভায় ভাষণ দেন।
এর আগে তিনি খোকসা ও কুমারখালীতে সংক্ষিপ্ত পথসভায় যোগদেন। মন্ত্রিসভায় যোগদানের পর কুষ্টিয়ায় এটাই তার প্রথম সফর।
তার সঙ্গে স্থানীয় জাসদ ও মহাজোটের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24