২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই-এক সপ্তাহের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ডের সম্ভাবনা

আগামী দুই বা এক সপ্তাহের মধ্যেই সংবাদকর্মীদের জন্য অষ্টম বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বা এক সপ্তাহের মধ্যেই সংবাদকর্মীদের জন্য অষ্টম বেতন কাঠামোর চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ইনু বলেন, “আগামী দুই বা এক সপ্তাহের মধ্যেই অষ্টম ওয়েজ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।” নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বলেন, “ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজবোর্ড গঠনে সাংবাদিক নেতাদের মতামত নিয়ে ব্যাপারটির নিষ্পত্তি করা হবে।” গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে পর্ষদ গঠন করে সরকার। এরপর গত মঙ্গলবার পর্ষদে নতুন আরো এক সদস্যকে যুক্ত করা হয়। সপ্তম সংবাদপত্র মুজরি বোর্ড রোয়েদাদ পর্যালোচনা করে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য বেতনভাতা ও অন্যান্য সুযোগসুবিধার বিষয়ে সুপারিশ করার কথা এই পর্ষদের। বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে। তবে ইতোমধ্যে তিন মাস পেরিয়ে গেলেও বোর্ড সাংবাদিকদের প্রত্যাশিত মহার্ঘ্য ভাতার ঘোষণা দেয়নি। যদিও নিয়ম অনুযায়ী বোর্ডের প্রথম সভাতেই মহার্ঘ্য ভাতার প্রস্তাব চূড়ান্ত করে ঘোষণা করার কথা। এদিন তথ্যমন্ত্রী অনলাইন নীতিমালা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘‘অনলাইনের খসড়া নীতিমালা হয়েছে। খসড়া মানে এটা চূড়ান্ত নীতিমালা নয়। আলোচনা করে পরিবেশবান্ধব নীতিমালা করা হবে।” গণমাধ্যমকে সমাজের আয়না উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের সঠিক প্রয়োগে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব। গত ১৬ সেপ্টেম্বর মহাজোট সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া হাসানুল হক ইনু বলেন, “আমি এখনো আমার নতুন দায়িত্ব বুঝে ওঠার চেষ্টা করছি।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সঙ্গে আমার পরিচয় রাজপথে। তাই আপনারা আমার সংগ্রামী সহযোদ্ধা। সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ অনান্য সাংবাদিক খুন হওয়া সাংবাদিক সমাজের সঙ্গে আমি নিজেও ক্ষতবিক্ষত।” সাংবাদিকদের সব দাবির সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী বলেন, “আশা করি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সাংবাদিক হত্যার ধামা-চাপা পড়া মামলাগুলোর গতি দ্রুত ফিরিয়ে আনবে।” আগামী নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়ার পাশাপাশি এতে সব দলের অংশগ্রহণ থাকার পক্ষেও মত দেন জাসদ প্রধান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভিআইপি লাউঞ্জে মিট দ্য রিপোর্টার্সের আয়োজন করা হয়। এতে ডিআরইউ’র সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এএল/১৯৩৬ ঘ.