২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজানিয়ায় জেল খেটে ফিরলেন ২০ বাংলাদেশি

আফ্রিকার দেশ তানজানিয়ায় দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি, যারা গত বছর দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফ্রিকার দেশ তানজানিয়ায় দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি, যারা গত বছর দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়েন। এই ২০ জন হলেন আনিস খান, বিটু মিয়া, আলী নূর, ওহিদ হাওলাদার, মোহাম্মদ রাসেল, ফারুক হাওলাদার, জাহিনুর রহমান, আমানুল হক, ফজলুল হক, কালা চান, বিল্লাল, আবদুল মালেক, জামাল হোসেন, আবু নাসের, আলাউদ্দিন, রমজান মিয়া, মাসুম মিয়া, কাবিল মিয়া, শহীদ আহমেদ ও হেলালউদ্দিন। এদের মধ্যে হেলালউদ্দিনকে আটক রেখে বাকিদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। সহকারী পুলিশ কমিশনার (ইমিগ্রেশন) কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোর ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে করে এই ২০ জন ঢাকা পৌঁছান।” তিনি জানান, হেলাল বাকি ১৯জনকে দক্ষিণ আফ্রিকায় পাচারের সঙ্গে জড়িত এমন তথ্য ‘সংশ্লিষ্ট দূতাবাস’ বাংলাদেশ পুলিশকে দিয়েছে। এ কারণে তাকে আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে। সহকারী পুলিশ কমিশনার জানান, গত বছর কাজের খোঁজে দালালদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে তানজানিয়া পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যেতে হয় এই বাংলাদেশিদের। আটক ব্যক্তিরা অধিকাংশই দরিদ্র হওয়ায় তাদের ফিরিয়ে আনার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়। পরে বেসরকারি সংস্থা এমজিএইচের আর্থিক সহায়তা এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) এবং কেনিয়া দূতাবাসের মধ্যস্থতায় তাদেরকে ফিরিয়ে আনা হয়। সংবাদপত্রের খবর অনুযায়ী, চলতি বছরের শুরুতে দালাল ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পথে ৩৭২ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। আর গত বছর লাইবেরিয়ায় গিয়ে তিন মাস জেল খেটে দেশে ফিরেছেন ৩৯ জন বাংলাদেশি। এছাড়া বুরুন্ডি পুলিশ গত বছর আরো ২৩ বাংলাদেশিকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৬১০ ঘ.