২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা প্রকল্প নিয়ে তদন্ত চলবে: দুদক

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে এলেও দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে এলেও দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের তদন্ত চলবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। এখন বিশ্ব ব্যাংক মনোনীত বিশেষজ্ঞ দল আসবে এবং টার্মস অফ রেফারেন্স অনুযায়ী দুদক কার্যক্রম চালিয়ে যাবে।” পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন। মঙ্গলবার গোলাম রহমান সাংবাদিকদের জানান, বিশ্ব ব্যাংকের শর্ত অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে তথ্য আদান-প্রদানের চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের অপেক্ষা। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে দেয়া বিশ্ব ব্যাংক এ প্রকল্পে ফের অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার তারা জানিয়েছে। বিশ্ব ব্যাংকের তোলা ওই অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুদক। এই বিষয়ে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ তদন্ত সংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত চলবে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে বিশ্ব ব্যাংক মনোনীত প্যানেল আসবে। ওই প্যানেল ও দুদক একসঙ্গে কাজ করবে।” দেশের সবচেয়ে বড় এ অবকাঠামো প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তে ইতোমধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিশ্ব ব্যাংকের পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, “এটা শুধু আনন্দের নয়, মহা আনন্দের খবর। এটা পুরো জাতির জন্য সুসংবাদ।” “দীর্ঘদিন ধরে আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেই অনিশ্চয়তা কেটে গেছে, এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/এমআই/২২৪০ ঘ.