২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু সন্দেহে পিটিয়ে হত্যা

যে শিশুটির জন্য যাত্রাবাড়ীতে ওই নারীকে পিটিয়ে মারা হয়েছে, ওই শিশুটিকে পরে পাশের বাসায় খেলতে থাকা অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ছেলে ধরা’ সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ীতে পথচারী এক নারীকে পিটিয়ে হত্যা করেছে জনতা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর হাসেম রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মাহমুদা বেগম (৩৫)। হাসেম রোডে তাওহিদা নামে ছয় বছরের একটি শিশুকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। তখন ওই সড়কের অ্যাঞ্জেল গার্মেন্টসের সামনে পথচারী মাহমুদাকে জনতা সন্দেহবশত আটকায় বলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকাবাসী ছেলে ধরা সন্দেহে মাহমুদাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।” পুলিশ কর্মকর্তা এমরান জানান, তাওহিদা নামের ওই শিশুটিকে পরে হাসেম রোডেরই আরেকটি বাসায় খুঁজে পাওয়া গেছে। “সেখানে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল সে,” বলেন তিনি। জনতার পিটুনি থেকে ওই নারীকে উদ্ধার করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হন বলে এসআই এমরান জানান। তারা হলেন- শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) নজরুল ইসলাম, কনস্টেবল মো. আজম এবং আনসার সদস্য মনির হোসেন। উত্তেজিত জনতা পুলিশের ভাড়া করা গাড়ি (লেগুনা) ভাংচুর করে বলেও এমরান জানান। ফারুক নামে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ওই নারীকে লেগুনায় ওঠানোর পর জনতা তাকে টেনে-হিঁচড়ে নামিয়ে দ্বিতীয় দফায় পেটায়।” তবে পুলিশ কর্মকর্তা এমরান দাবি করেন, গাড়িতে ওঠানোর পর জনতা ওই নারীকে আর পেটাতে পারেনি। তিনি জানান, এই ঘটনায় দুটি মামলা হবে। একটিতে হত্যার অভিযোগ এবং অন্যটিতে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/এমআই/১৮২৫ ঘ.