২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের ভালবাসতে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের উৎসাহ দিতে জয়পুরহাটের কালাইয়ে ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের উৎসাহ দিতে জয়পুরহাটের কালাইয়ে ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয়রা। বুধবার বিকালে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রতিবন্ধী একাদশ’ বানাম ‘সাবলীল একাদশ’ এর খেলায় প্রতিবন্ধীরা ১-০ গোলে বিজয়ী হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্রাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ ফুটবল ম্যাচে কয়েক হাজার দর্শকের উপস্থিত ছিলেন। মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। সকল দর্শকই যেন ছিলেন প্রতিবন্ধীদের সমর্থক। ইউপি চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানসিক প্রতিবন্ধীদের উৎসাহ ও ভালবাসা দিতেই এ খেলার আয়োজন করা হয়। আমি নিজে মানসিকভাবে সুস্থ, তবে শারীরিক প্রতিবন্ধী। আমার একটি হাত নেই। এ কারণেই আমি (পাগলদের) দলের অধিনায়ক। কে কোন দিকে বল মারবে তার তো ঠিক-ঠিকানা থাকবে না, তাদের দিকনির্দেশনা দিতেই আমাকে অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক প্রতিবন্ধীরা উত্তেজনাপূর্ণ খেলায় ৭৮ মিনিটের সময় একমাত্র গোলটি দিয়ে ফেললে মাঠের দর্শকরা তুমুল করতালি দিয়ে তাদের অভিনন্দন জানায়। এ সময় লাল জার্সি গায়ের মানসিক প্রতিবন্ধীরাও মাঠের মধ্যে নিজেদের জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন। পরে আয়োজকদের পক্ষ থেকে তাদের একটি ছাগল উপহার দেয়া হয়। পরাজিতদের দেয়া হয় একটি রাঁজহাস। খেলার রেফারির দায়িত্ব পালন করেন মোজাফফর হোসেন। লাইনম্যান হিসাবে তাকে সহযোগিতা করেন শামীম হোসেন ও ফিরোজ শাহীন। ধারাভাষ্যে ছিলেন সমাজকর্মী ফরিদ উদ্দিন ও আখতার হোসেন। খেলা শেষে বিজয়ী দলের লোকমান আলী (লোকা পাগলা), খয়বর আলী (খব পাগলা), মুক্তার, ইউসুফ জানান, “হাঙ্ঘোক কেউ খেলবা ল্যায় না, ঘাঁটাৎ বারালেই বেবাকেই ঢ্যাল মারে। কুত্তা লাগে দ্যায়। একন এক্কেবারেই গোল, ফ্যাটে দিছি। চিয়ারমিন-ল্যাম্বর বকরি দিছে।” (আমাদের কেউ খেলতে নেয় না, রাস্তায় বের হলেই সকলেই ঢিল মারে। কুকুর লেলিয়ে দেয়। এখন একেবারেই গোল, ফাটিয়ে দিয়েছি। চেয়ারম্যান-মেম্বার ছাগল দিয়েছেন)। সাবলীল দলের অধিনায়ক নায়ক নাজমূল হক জানান, খেলায় জয়-পরাজয় বড় কথা নয়। মানসিক প্রতিবন্ধীদের উৎসাহ দিতেই এ খেলা হয়েছে। একটু সুযোগ পেলে প্রতিবন্ধীরাও যে পারে, তা তারা বুঝিয়ে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৫৫ ঘ.