২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ হাজত থেকে পালানো ভারতীয় গ্রেপ্তার নেত্রকোনায়

সুনামগঞ্জের হাজত থেকে পালানো এক ভারতীয়কে বুধবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের হাজত থেকে পালানো এক ভারতীয়কে বুধবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জের দুর্গাপুর গ্রাম থেকে পরেশ মারাক (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সাঁতরে হাওর পার হয়ে দুর্গাপুর গ্রামে ওঠেন পরেশ মারাক। সেখানে গ্রামের লোকজনের কাছে সুনামগঞ্জের তাহিরপুর যাওয়ার রাস্তা জানতে চান। তার কথাবার্তায় গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি বায়েস আলম বলেন, পরেশ মারাক (৩০) ও খারাক মারাক (৩১) নামে দুই ভারতীয় নাগরিক ধর্মপাশার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতের হাজতখানার লোহার রড ভেঙে মঙ্গলবার রাতে পালিয়ে যান। এরা বাংলাদেশে অনুপ্রবেশ ও অস্ত্র মামলার আসামি হিসেবে সুনামগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন। সেখান থেকে ধর্মপাশায় জ্যেষ্ঠ বিচার বিাগীয় হাকিম আদালতে হাজিরার জন্য আনা হয়েছিল বলে জানান ওসি। ওসি আরো বলেন, গত ১ জুন এ দু’জনকে ধর্মপাশার মহেশখলা থেকে অস্ত্রসহ আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.