ঢাকা বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বও ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- ন্যানোটেকনোলজির ওপর ঢাকায় শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা।
হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মশালার উদ্বোধন করবেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
একটি বস্তুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকারে রূপান্তরিত করে যে প্রযুক্তির উদ্ভব হয়েছে তাই ন্যানোটেকনলোজি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথভাবে এ কর্মশালা আয়োজন করছে।
এতে দেশ-বিদেশের প্রায় তিন শতাধিক বিজ্ঞানী ও ন্যানো প্রযুক্তিবিদরা এ কর্মশালায় অংশ নেবেন বলে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে কর্মশালার আয়োজক কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আয়োজক কমিটির সদস্য সচিব ও বুয়েটের অধ্যাপক আল-নকিব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নকিব লিখিত বক্তব্যে বলেন, ন্যানোটেকনোলজির প্রয়োগে বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, খাদ্য, বস্ত্র, প্রকৌশল, শক্তি ও পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নতি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৫ ঘ.
bdnews24