চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র বাতিলের নির্দেশের বিষয়ে করণীয় জানতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দ্বারস্থ হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এনসিটি দরপত্র বাতিলের নির্দেশ সংক্রান্ত রিভিউ প্যানেলের রায় বুধবার বন্দর কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দরের উপ-সংরক্ষক ও এনসিটি’র প্রকল্প পরিচালক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিভিউ প্যানেলের আদেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের দিকনির্দেশনা জানতে চেয়েছি।
গত সোমবার দরপত্রে অংশগ্রহণকারী দুটি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট গঠিত রিভিউ প্যানেল-৩ এক রায়ে এনসিটি’র দরপত্র বাতিলসহ দ্বিতীয়দফা দরপত্রে বাছাই করা ঠিকাদারদের তালিকাও বাতিলের নির্দেশ দেয়।
এতে এনসিটির দ্বিতীয় দফায় দরপত্র দলিল সংশোধন করে বাছাই করা সাইফ পাওয়ারটেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে বাদ দেয়া এবং প্রাকযোগ্যতা দলিল-২০০৮ এর অধীনে প্রাকযোগ্য চারটি প্রতিষ্ঠানকে বহাল রেখে পুনরায় দরপত্র প্রক্রিয়া শুরুর জন্য নির্দেশও দেয়া হয়।
বাছাই করা প্রথম দফার চারটি প্রতিষ্ঠান হচ্ছে নেদারল্যান্ডের এপিএম টার্মিনালস, যুক্তরাজ্যের হাসিসন পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিঅ্যান্ডও নেভিগেশন কোম্পানি এবং ফিলিপাইনের আইসিটিএসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১৩ ঘ.
bdnews24