২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থান সঙ্কট, প্রধানমন্ত্রীকে জানালেন সচিবরা

মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন কর্মকর্তার পদায়নের কারণে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সৃষ্ট ‘স্থান সঙ্কট’ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সচিবরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন কর্মকর্তার পদায়নের কারণে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সৃষ্ট ‘স্থান সঙ্কট’ নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সচিবরা। নির্বাচনের আর এক বছর বাকি থাকতে বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন এবং সচিবরা নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠকের আলোচনা সাংবাদিকদের জানান। তিনি বলেন, সচিবালয়ের ‘স্থান সঙ্কট’ নিরসনে সচিবরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে এক নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বর্ষায় অর্থবছর শুরু হয় বলে ওই সময় অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো করা সম্ভব হয় না। তবে প্রকল্পের নথিপত্রের কাজগুলো ওই সময়ের মধ্যে শেষ করে ফেলার জন্য সচিবদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কাগজপত্রের কাজ শেষে শুকনো মৌসুমে অবকাঠামোগত কাজগুলো করতে হবে। এতে অর্থের অপচয় বন্ধ এবং জনগণের উপকার হবে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তদারকি বাড়াতে সচিবদের নির্দেশ দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান সরকারের ৪৪ মাসে ১১টি সচিব সভা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন পাঁচটিতে। এটি তার উপস্থিতিতে পঞ্চম সভা। এই সভায় ৫৯ জন সচিব উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৮ জন তাদের বক্তব্য তুলে ধরেন। সচিবদের বক্তব্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতির বিষয়গুলো স্থান পায়। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হত্যাকাণ্ড, শিক্ষাঙ্গনে অস্থিরতা, জঙ্গি দমনসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়েও সভায় আলোচনা হয়। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, এ সরকারের মেয়াদে এ পর্যন্ত ১৬৭টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এতে মোট সিদ্ধান্ত হয়েছে ১ হাজার ১০১টি। এর মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ১০টি বাস্তবায়ন করা হয়েছে। বাস্তায়নের হার ৯১ শতাংশ। এর আগের সরকারের এই সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৭২ শতাংশ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় বিভিন্ন স্থানে সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা ঠিকমতো পরিচালনা করতে না পারায় হেরে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় এসব মামলা লড়াই করার জন্য স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব করেন সচিবরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআই/এমকে/জেকে/এমআই/২২৩০ ঘ.