ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রওশন আরা হাসপাতালের চিকিৎসক ডা. সালমা পারভিন মনি হত্যা মামলায় তার কথিত প্রেমিককে ফাঁসির দ-াদেশ দিয়েছে আদালত।
দ-িতের নাম মোস্তাফিজুর রহমান উজ্জল। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুর থানার গৌরিপুরে। পিতার সুরাত আলী।
মঙ্গলবার বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. আক্তারুজ্জামান এ আদেশ দেন।
আদেশে বলা হয়েছে , ‘ইচ্ছাকৃতভাবে ডা. মনিকে ছুরিকাঘাত করে হত্যা করেন উজ্জল, যা ৩০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আসামি উজ্জলের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।’
২০০৯ সালের ২১ জুলাই রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণ মুগদাপাড়ার রওশন আরা হাসপাতালে চিকিৎসক ডা. সালমা পারভিন মনিকে ছুরিকাঘাত করেন মোস্তাফিজুর রহমান উজ্জল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ওই দিন রাতে ওই চিকিৎসকের আত্মীয় শামীম হোসেন বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২৬ জন সাক্ষী সাক্ষ্য দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ২০০৯ সালের ২২ জুলাই উজ্জ্বল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
তিনি জানান, ডা. মনিকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রত্যাখ্যাত হয়ে তিনি ছুকিাঘাত করেন।
২০০৯ সালের ২২ সেপ্টেম্বর মামলাটির তদন্ত শেষে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক উজ্জ্বলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১০০ ঘ.
bdnews24