ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ দালিলিক প্রমাণের ঐচ্ছিক বিধান রেখে ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল’ সংসদে পাস হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে বিলটি পাসের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদের পক্ষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উত্থাপন করেন ।
হিন্দু বিবাহের দালিলিক প্রমাণ রাখা ও হিন্দু নারীদের বিবাহ সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা করতে এই আইন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করে মন্ত্রী বলেছেন, “হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ তাদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না। দালিলিক প্রমাণ না থাকার কারণে বিবাহ পরবর্তী বিবাহ সংশ্লিষ্ট যে কোনো বিষয় মৌখিক সাক্ষ্য প্রমাণের ওপর নির্ভরশীল।
“ফলে হিন্দু নারীরা বিভিন্নভাবে প্রতারণার শিকার হন এবং তাদের সহজে আইনি সুরক্ষা দেয়াও সম্ভব হয় না।”
বিদেশ ভ্রমণ ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিবাহ নিবন্ধন সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয় হওয়ায়ও এই আইন প্রণয়নের কারণ বলে উল্লেখ করা হয়েছে।
আইনে বলা হয়েছে, “অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, ২১ বছরের কম বয়স্ক কোনো হিন্দু পুরুষ বা ১৮ বছরের কম বয়স্ক কোনো হিন্দু নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা এই আইনের অধীনে নিবন্ধনযোগ্য হবে না।”
এই আইনের চতুর্থ ধারায় উল্লেখ করা হয়েছে, সরকার সিটি কর্পোরেশন নির্ধারিত এলাকা এবং সিটি করপোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে প্রতিটি উপজেলা এলাকায় একজন ব্যাক্তিকে হিন্দু বিবাহ নিবন্ধক হিসেবে নিয়োগ দেবে।
আইনের ষষ্ঠ ধারায় বিবাহ নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, হিন্দু ধর্ম, রীতি-নীতি ও আচার অনুষ্ঠান অনুযায়ী হিন্দু বিয়ে হওয়ার পর ওই বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে যে কোনো পক্ষের নির্ধারিত পদ্ধতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধক নির্ধারিত পদ্ধতিতে বিবাহ নিবন্ধন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৪৩ ঘ.
bdnews24