রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা।
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, গান পাউডার দিয়ে বাসটিকে আগুন দেয়া হয়েছে।”
প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের শনাক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ রাতে ও মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে ছাত্রদল ও শিবির নাশকতা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের আহ্বাক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি নিন্দনীয়। যারা এটি ঘটিয়েছে তারা কখনো ছাত্র হতে পারে না।
তিনি এ জন্য ছাত্রলীগকে দায়ী করেন।
সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ছাউনিতে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরপত্তাকর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অগ্নি নির্বাপনকর্মীরা আধঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24