সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে যুবদলের এক সভায় দুই গ্রুপের সংঘর্ষে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে নগরীর কুমারপাড়ায় এ সংঘর্ষ হয় বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবদল সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুবদল নেতা এম এ মালেক, লায়েক আহমদ, ফয়সল আহমদ দারা, জমসেদ মিয়া, মামুনুর রহমান মামুন ও লিয়াকত আলী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট যুবদলের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১৩ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় নগরীর কুমারপাড়ায় প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সভা শুরুর আগে সকাল ১১টার দিকে যুবদল নেতা নজিবুর রহমান নজিব ও কামরুল হাসান শাহীনের নেতৃত্বে একদল নেতাকর্মী সভাস্থলে যান। সেখানে তারা জেলা যুবদল সভাপতি এমএ হান্নান ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের কাছে সভার দাওয়াত না পাওয়ার কারণ জানতে চান।
এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
যুবদল নেতা নজিবুর রহমান নজিব বলেন, প্রতিনিধি সভায় যুবদলের ত্যাগী নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়নি। তাই তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে।
আরেক নেতা কামরুল হাসান শাহীন বলেন, ক্ষুব্ধ কর্মীদের হাতে জেলা সভাপতি এম এ মান্নান লাঞ্ছিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24