চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিটুমিন বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যমুনা অয়েল কোম্পানির ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে ১০টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের চার কর্মকর্তা পৃথকভাবে ডবলমুরিং থানায় এ মামলাগুলো করেন।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) সত্যজিৎ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধিভুক্ত যমুনা অয়েলের বিটুমিন বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে দুদক কর্মকর্তারা এসব মামলা করেন।
অভিযোগে বলা হয়, ছয় কর্মকর্তা ও সাত জন ঠিকাদারের যোগসাজশে কোম্পানির নীতিমালা বহির্ভূত ভুয়া কার্যাদেশ দেখিয়ে যমুনা অয়েলের সাত কোটি ৯৪ লাখ সাত হাজার টাকার ৫৫ দশমিক ১৫০ মেট্রিক টন (নয় হাজার ৮০৩ ড্রাম) বিটুমিন বরাদ্দ দেয়া হয়। পরে এরা সিণ্ডিকেটের মাধ্যমে কম দামে ক্রয় ও বেশি দামে খোলাবাজারে বিক্রি করে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
আসামিরা হলেন- যমুনা অয়েলের বর্তমান উপ মহাব্যবস্থাপক (ডিজিএম-ইঞ্জিন) মাহিদুর রহমান, (ডিজিএম-পিআর) মো. মাসুদ করিম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-নিরীক্ষা) মো. খসরু আজাদ, (এজিএম-টিএস) সবুর খান, উপ ব্যবস্থাপক (ডিএম-সেলস) মো. আমজাদ হোসেন, (ডিএম-সেলস) মো. ইউসুফ খন্দকার।
এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠান মোয়াজ এন্টারপ্রাইজের মোশাররফ হোসেন, জামান এন্টারপ্রাইজের নুরুজ্জামান, মাহবুব এন্টারপ্রাইজের মো. মাহবুব হোসেন, এস এ এন্টারপ্রাইজের আলী আশরাফ, জেড আর এন্টারপ্রাইজের সেলিম হোসেন, ইকবাল ব্রাদার্সের ইকবাল হোসেন ও হাসান এন্টারপ্রাইজের মো. হাসানকে আসামি করা হয়েছে।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলম বাদী হয়ে পৃথক তিনটি, উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান শিকদার তিনটি, উপ-সহকারী পরিচালক সাইফুল¬াহ মোহাম্মদ ইমরান দুটি ও উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম দুটি মামলা করেন।
মামলার বাদিরা জানান, গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আসামিদের বিরুদ্ধে তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এএইচ/আরএ/১৪৩২ ঘ.
bdnews24