সিলেট, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের কলেজগুলোর ব্যর্থতার কারণেই বাংলাদেশি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেটে সফররত ব্রিটিশ প্রতিনিধিদলের এক নেতা।
সাংসদ এবং ব্রিটিশ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’র প্রধান এ্যান মেইন রোববার সিলেট সিটি করপোরেশন সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ইসলামিক রিলিফ’র আমন্ত্রণে শুক্রবার সিলেট সফরে এসেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল।
কনজারভেটিভ পার্টির এ্যান মেইনের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সাংসদ বব ব্ল্যাক ম্যান ও সাংসদ নিক বো।
এ্যান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিদেশি ছাত্র ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করলেও কিছু কিছু কলেজ শিক্ষার যথাযথ মান ধরে রাখতে পারছে না। তাই স¤প্রতি কয়েকটি কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ সরকার।
এ্যান মেইন সাংবাদিকদের বলেন, নীতিমালা অনুসরণ না করায় কিছু কিছু কলেজ বন্ধও করে দেয়া হয়েছে। তবে, এসব কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের অন্যত্র ভর্তির সুযোগ দেয়া হচ্ছে।
যুক্তরাজ্য সরকারের চ্যারিটি ফান্ডিং কমিয়ে দেয়া প্রসঙ্গে এ্যান মেইন বলেন, কিছু কিছু এনজিও কার্যক্রম থেকে জনগণ উপকৃত না হওয়ায় সরকার আর্থিক সহায়তা প্রদান কমিয়ে দিয়েছে।
এর আগে প্রতিনিধিদল ইসলামিক রিলিফ ও সিলেট সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সকাল সাড়ে ৯টায় তারা সিলেটের টুলটিকর এলাকার কুশিঘাট বাজারে হাজী মোহাম্মদ শফিক স্কুল পরির্দশন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
বেলা ১১টায় জেলা প্রশাসন মিলনায়তনে সিলেটে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ ঝুঁকি হ্রাস শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেয় তারা।
দুপুর ১টায় তারা জেলা প্রশাসক কার্যালয় মাঠে ভূমিকম্প প্রন্তুতি বিষয়ক মহড়া পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের সঙ্গে ইসলামিক রিলিফ যুক্তরাজ্যের পরিচালক জাহাঙ্গীর মালিক এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাবেল ফিরোজও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৫ ঘ.
bdnews24