পঞ্চগড়, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহবানে রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘটের কারণে জেলার ১৫টি রুটে সবধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মটর মালিক সমিতির সড়ক সম্পাদক মতিয়ার রহমান জানান, ব্যাটারিচালিত অটোরিকশা, শ্যালো চালিত নছিমন ও করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট আহবান করা হয়েছে।
“এ বিষয়ে একাধিকবার অনুরোধ জানালেও প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় গাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য মালিক-শ্রমিকরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, পরিবহণের মালিক ও শ্রমিক নেতাদের আলোচনায় বসার আহবান জানানো হয়েছে।
“বিকেল ৪টায় তাদের সঙ্গে বৈঠক হতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪০ ঘ.
bdnews24