জামালপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতার প্রতিবাদে জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শনিবার ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে।
এতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা জানায়, গত তিন দিনের টানা বৃষ্টিতে কলেজটি প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। প্রধান গেট দিয়ে একাডেমিক ভবনে আসা-যাওয়ার পথসহ ভিতরের স্টাফ কোয়ার্টার ও পাম্প হাউজ হাঁটু পানির নিচে তলিয়ে গেছে। এতে চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিষ্ঠানটির এগ্রো মেশিনারিজ বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র জসিম উদ্দিন বলেন, কলেজের পাশে একটি বাস সার্ভিসের কাউন্টারের সামনে গাড়ি চলাচলের জন্য মাটি ও ইটের রাবিশ দিয়ে ড্রেন ভরাট করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ক্লাসে আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ইলেক্ট্রনিক্স বিভাগের একাদশ শ্রেণির ছাত্র শিমন বনিক অভিযোগ করেন, “শিক্ষকরা চোখ বুজে আছেন। অনেক বলার পরও পানি নিষ্কাশনের উদ্যোগ না নেওয়ায় আমরা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।”
জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মনিরুজামান ঢাকায় প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন একেএম ফজলুর রহমান।
তিনি বলেন, “জলাবদ্ধতাজনিত সমস্যা দূর করতে জামালপুর পৌর মেয়রের কাছে লিখিত আবেদন দিয়েছি। জেলা প্রশাসককেও অবহিত করেছি। কিন্তু কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেননি।”
রাজিব বাস কাউন্টারের সামনের ড্রেন দিয়ে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হলে এই সমস্যা স্থায়ীভাবে দূর হবে বলেও তিনি জানান।
জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, েেড্রন পরিষ্কার করলেই পানি নিষ্কাশন হবে না। বজরাপুরের রাস্তার মোড়ের কালভার্টটি নির্মাণ করতে সময় লাগছে। কালভার্ট নির্মাণ শেষ হলে জলাবদ্ধতা সমস্যা থাকবে না।
জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৫ জন শিক্ষক-কর্মচারীসহ নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এক হাজার দুইশ’ ছাত্রছাত্রী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৯ ঘ.
bdnews24