২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারীর লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এক নারীর লাশ পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। শুক্রবার সকালে হনুফা খাতুন (২০) নামে ওই নারীর লাশ উপজেলা সদরের ঘাটে নিয়ে আসা হলে তার পরিবারের সদস্যরা তা সনাক্ত করে বলে পুলিশ জানায়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের যমুনা নদীর ধলাই এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের করুনাজানি গ্রামের হুরমুজ আলী (৪৫), তার স্ত্রী মালেকা বেগম (৪০), দুই মেয়ে হনুফা বেগম (২০) ও মিম (৩) এবং নাতনী ছকিনা (৪) নিখোঁজ হয়। ওই সময় হুরমুজ আলীর ছেলে সাইফুল ইসলাম শুধু তার এক শিশু সন্তানকে নিয়ে তীরে উঠতে সক্ষম হন। চৌহালী থানার ওসি ওমর ফারুক জানান, দুর্ঘটনাস্থলের কিছুটা ভাটিতে জেলেরা মাছ ধরার সময় লাশটি দেখতে পেয়ে ঘাটে নিয়ে আসে। পরে লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৪০ ঘ.