২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারমুক্ত হবেন, ভাবছেন কাদের

অতিরিক্ত দায়িত্ব হিসাবে পাওয়া রেল মন্ত্রণালয় থেকে অব্যাহতি নেওয়ার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত দায়িত্ব হিসাবে পাওয়া রেল মন্ত্রণালয় থেকে অব্যাহতি নেওয়ার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ওবায়দুল কাদের। মন্ত্রী হিসেবে সাতজন শপথ নেয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন। এরপর মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ওবায়দুল কাদের রাত পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাখা না রাখা প্রধানমন্ত্রীর ব্যাপার। আমার অবস্থান পরিষ্কার করার জন্যই আমি ফেইসবুকে এই স্ট্যাটাসটি দিয়েছি।” রাত ৮টা ৩৬ মিনিটে ইংরেজিতে দেয়া ওই স্ট্যাটাসে তিনি যা বলতে চেয়েছেন এর অর্থ দাঁড়ায়, “এখন থেকে যে কোনো সময় রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেয়া হতে পারে। দায়িত্ব পালনকালে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। যারা আমাকে আমার কাজে সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।” http://www.facebook.com/obaidul.quader.9 - এই লিঙ্ক থেকে ওবায়দুল কাদেরের ফেইসবুক পাতাটি দেখা যাবে। ওবায়দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি একটি অ্যাডিশনাল দায়িত্ব পালন করছি। এই বিষয়টি বারবার আপনাদের (সাংবাদিক) বলেছি। এই দায়িত্ব পালন কালে আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমা চাচ্ছি।” গত ঈদের আগে-পরে রেল চলাচল নির্বিঘœ রাখতে বিভিন্ন স্থানে ছোটাছুটি করেন ওবায়দুল কাদের। দায়িত্ব পালনে অবহেলার জন্য বেশ কয়েকজন রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেন তিনি। এর মধ্যে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে এক রেলকর্মীকে চড় মারেন তিনি, যা নিয়ে ফেইসবুকে ব্যাপক আলোচনা হয়। গত ২৯ নভেম্বর ক্ষমতাসীন মহাজোটের মন্ত্রিসভার তৃতীয় দফায় স¤প্রসারণে মন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের। যোগাযোগমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। কাদেরের সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেও ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে গত ১৬ এপ্রিল পদত্যাগ করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। পরবর্তীতে অতিরিক্ত দায়িত্ব হিসাবে রেলের দায়িত্ব পান ওবায়দুল কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/এমআই/২১৫৬ ঘ.